ভারত থেকে দেশে এলো ১২৫ টন বিস্ফোরক

বিশেষ প্রতিবেদক:

সময়: রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬ ১:৪৮:৪৯ অপরাহ্ণ

ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮টি ট্রাক বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে পেট্রাপোল স্থলবন্দর হয়ে প্রায় ১২৫ মেট্রিক টন ওজনের বিস্ফোরক চালানটি দেশে আসে। একসঙ্গে এত বড় চালান দেশে প্রবেশ করায় বন্দরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরক বহনকারী ট্রাকগুলো প্রবেশের পরপরই নির্ধারিত ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নেওয়া হয়।

সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে চালানটি রাখা হয়েছে। আমদানিকৃত বিস্ফোরক দ্রব্য এনেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। রপ্তানিকারক হিসেবে রয়েছে ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রমে ব্যবহারের জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বন্দর এলাকার ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে কঠোর নিরাপত্তায় রাখা আছে।
তিনি জানান, খালাস প্রক্রিয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডফ এজেন্ট কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবে। যাচাই-বাছাই শেষে বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহন নিশ্চিত করতে পুরো বন্দর এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে এত বড় বিস্ফোরক চালান প্রবেশ করায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Print This Post
নিউজটি ৫৮ বার পড়া হয়েছে ।