সাধারণ মানুষসহ ব্যবসায়ী, গবেষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য এইচএসকোড ভিত্তিক পণ্য আমদানির জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানায়।
জাতীয় রাজস্ব বোর্ড থেকে জানানো হয়, বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের এসব তথ্য এনবিআরের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্য সহজলভ্য করার লক্ষ্যে দীর্ঘদিনের দাবি পূরণ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট nbr.gov.bd এর publication পোর্টালের customs লিংকে ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্যে এইচএসকোড ভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানি করা পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত উপাত্ত উপস্থাপন করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, এ উদ্যোগের ফলে আমদানি সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ হবে। তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ বাড়বে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন এবং বাণিজ্য কাঠামো বিশ্লেষণ সহজ হবে।

