তথ্য ও সম্প্রচারমন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক:

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:০৫:৩৮ অপরাহ্ণ

বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। এ ছাড়া তিনি দলটির মিডিয়া সেলের প্রধানের দায়িত্বও পালন করেছিলেন। জহির উদ্দীন স্বপন এর আগেও বরিশাল-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের সর্বমোট ১২৯টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৫ হাজার ৬০ ভোট।

জহির উদ্দিন স্বপন আশির দশকের একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ছাত্র রাজনীতি শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। ১৯৯৬ (ষষ্ঠ জাতীয় সংসদ) এবং ২০০১ (অষ্টম জাতীয় সংসদ) নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এটি তার তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়া।

এদিকে দীর্ঘ প্রায় তিন যুগ পর এই আসন থেকে কোনো সংসদ সদস্য পূর্ণ মন্ত্রী হলেন। সবশেষ ১৯৮৬-৯০ মেয়াদে এরশাদ সরকারের সময় সুনীল গুপ্ত এই আসন থেকে মন্ত্রী হয়েছিলেন।

Print This Post
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।