ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

নিজস্ব প্রতিবেদক:

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:৩৫:২২ পূর্বাহ্ণ

আজ প্রথম রমজান। রমজান মাসে ব্যাংকগুলোর লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

অন্যদিকে, অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, বাকি সময়টা লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারের মাধ্যমে এ সময়সূচি ঘোষণা করে।

সার্কুলারে জানানো হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এসময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এই বিরতির সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহক সেবা ও লেনদেন চালু রাখতে হবে।

সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছর রমজানে কেন্দ্রীয় ব্যাংক সময়সূচিতে পরিবর্তন আনে।
রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময় আগের নিয়মে ফিরবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

Print This Post
নিউজটি ১৪ বার পড়া হয়েছে ।