ঢাকায় দুই দিনের সোলার এক্সপো শুরু ৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক:

সময়: রবিবার, নভেম্বর ১, ২০২৬ ১:০৩:৩৮ অপরাহ্ণ

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও উৎপাদন বাড়াতে আগামী ৩ ও ৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ এক্সপোর আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। দেশের ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এ আয়োজনের প্রধান লক্ষ্য।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬ জারি এবং ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ। এছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ ও ব্যাটারিসংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি এসব পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক) পুরোপুরি মওকুফ করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেলও উৎসাহিত করছে সরকার। এতে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব মূলধন বিনিয়োগ করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে না।

তিনি বলেন, দুই দিনব্যাপী এক্সপোতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, অ্যাডভান্সড ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ বিভিন্ন আধুনিক সৌর সরঞ্জাম। পাশাপাশি প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ এবং কারিগরি সহায়তা দেওয়ার জন্য দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোর অংশ হিসেবে ‘Policy, People and Capital for Bangladesh’s Solar Revolution’ শীর্ষক প্রতিপাদ্যের অধীনে চারটি বিশেষ সেমিনার হবে। সেমিনারগুলোতে জাতীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ বিপ্লবের পথনকশা, সরকারি প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ, আবাসিক ও শিল্প খাতে সৌরবিদ্যুতের ব্যবহার, জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং বেসরকারি বিনিয়োগ ও কার্বন রাজস্বের মাধ্যমে অর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। সৌরবিদ্যুৎ খাতের প্রযুক্তিগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা।

সংবাদ সম্মেলনে আশা করা হয়, এ এক্সপোর মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়বে, নতুন বিনিয়োগ আসবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারিত হবে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও টেকসই অর্থনীতির বিকাশে এ আয়োজন ভূমিকা রাখবে।

Print This Post
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।