বিটিআরসির নোটিশ

অন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড দখলের অভিযোগ রবির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

সময়: রবিবার, নভেম্বর ২২, ২০২৬ ১১:১৮:৩৫ অপরাহ্ণ

এয়ারটেলের পর এবার ‘সার্কেল’ নাম নিয়েও বিতর্কে মোবাইল ফোন অপারেটর রবি। ২০১৩ সাল থেকে বিটিআরসির লাইসেন্স নিয়ে সার্কেল নামে দেশব্যাপী ইন্টারনেট সেবা দিয়ে আসছে একটি প্রতিষ্ঠান। অথচ তাদের আপত্তি ও ব্র্যান্ড স্বত্বের বিষয়টি উপেক্ষা করে একই নামে মোবাইল সেবা চালু করেছে রবি। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ।

এক প্রতিষ্ঠানের ব্র্যান্ড পরিচয় নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে আরেক প্রতিষ্ঠানের ব্র্যান্ড নাম ব্যবহারের অভিযোগে জড়িয়েছে দেশের মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। এয়ারটেল ব্র্যান্ডের পরিবর্তে সার্কেল নামে নতুন ব্র্যান্ড চালু করে এবার নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রশ্নের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে সার্কেল নামে ইন্টারনেট সেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানের আপত্তির পরিপ্রেক্ষিতে রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন।

বিটিআরসির গত ২৬ অক্টোবর জারি করা নোটিশে বলা হয়েছে, সার্কেল নেটওয়ার্ক ২০১৩ সাল থেকে কমিশন থেকে লাইসেন্স নিয়ে দেশব্যাপী ইন্টারনেট সেবা পরিচালনা করছে। অথচ রবি আজিয়াটা কমিশনের পূর্বানুমোদন ছাড়াই সার্কেল নাম ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। কমিশনের মতে, এ ধরনের কার্যক্রম মেধাস্বত্ব-সংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক।

নোটিশে আরও বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর সার্কেল নেটওয়ার্কের পক্ষ থেকে এ বিষয়ে কমিশনে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই রবির বিরুদ্ধে বিষয়টি পর্যালোচনা করে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এতে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে এবং উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না কেন, তা জানাতে বলা হয়।

অন্যেদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতেও বলা হয়েছে রবি এয়ারটেল নামটা ব্যবহার করতে পারবে না।

অন্য প্রতিষ্ঠানের পরিচিতি উপেক্ষা করে নতুন ব্র্যান্ড
প্রশ্ন উঠেছে, ২০১৩ সাল থেকে একটি প্রতিষ্ঠান যখন বিটিআরসির লাইসেন্স নিয়ে সার্কেল নামে দেশব্যাপী ইন্টারনেট সেবা পরিচালনা করছে, তখন রবি কীভাবে একই নামের কাছাকাছি বানান ও উচ্চারণের ব্র্যান্ড চালু করলো? নতুন ব্র্যান্ড বাজারে আনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্ব এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বিষয়টি যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

রবির নতুন ব্র্যান্ডের ইংরেজি বানান ‘Cirkle’। অন্যদিকে, বিদ্যমান প্রতিষ্ঠানটির নাম ‘Circle Network’। বানানে সামান্য পার্থক্য থাকলেও উচ্চারণ ও পরিচিতিতে যথেষ্ট মিল রয়েছে। ফলে দুটি প্রতিষ্ঠানের সেবা ও ব্র্যান্ড পরিচয় নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে একটি নাম ব্যবহার করে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বাণিজ্যিক পরিচয় ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রশ্নও সামনে এসেছে।

বিটিআরসির নোটিশে বিষয়টিকে শুধু নামের মিল হিসেবে দেখা হয়নি; বরং কমিশনের পূর্বানুমোদন ছাড়া একই নাম ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়টিকে মেধাস্বত্ব-সংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি
বিটিআরসির আইনগত শাখা থেকে জারি করা কারণ দর্শানোর নোটিশে রবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না কেন, তা কমিশনকে জানাতে বলা হয়েছে।

Print This Post
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।