বিয়ের আগের রাতে নার্ভাস ছিলেন স্পর্শিয়া, কৌশলে রাজি করান স্বামী

বিনোদন ডেস্ক:

সময়: সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৩:২২:২১ অপরাহ্ণ

দুই বছরের দাম্পত্য জীবন পার করে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবার একটু হাসি-ঠাট্টার মুডে পুরনো স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এসে তিনি জানালেন, বিয়ের আগের রাতেও তিনি নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না!
বিয়ের আগের রাতের অভিজ্ঞতার কথা জানিয়ে সম্প্রতি স্পর্শিয়া বলেন, ‘আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম।’
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনে ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন স্পর্শিয়া। কিন্তু গল্পটা যতটা রোমান্টিক শোনায়, তার আগের রাতটা ছিল বেশ নাটকীয়! স্পর্শিয়াকে বিয়েতে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল তার স্বামীকে। নিতে হয়েছিল অনেক কৌশল।
সম্প্রতি এক আড্ডায় স্পর্শিয়া হেসে হেসে বলেন, ‘আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। ভয় পাচ্ছিলাম ভীষণ। এমনকি আগের রাতে নাওঈদকে বলেছিলাম, ‘আমি বিয়েটা করতে চাই না!”
হবু স্বামীর শান্ত কৌশলী আশ্বাসেই নাকি বদলে যায় পুরো দৃশ্যপট। নাওঈদ তাকে বলেন, ‘বিয়ে না করলেও সমস্যা নেই। স্টেজে গিয়ে শুধু ছবি তুলবেন, আনন্দ করবেন!’
এই ‘আশ্বাস’-এর ফলাফল? হাসতে হাসতেই স্পর্শিয়ার মন্তব্য, ‘আমি এখনো ওকে বলি, তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ!’
পরিবারও তখন পাশে ছিল। ভয় পেয়ে গেলে ‘কবুল’ না বললেও চলবে- এমন সাহস দিয়েছিল আপনজনরা। সেই মানসিক সমর্থনেই শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। এখন অবশ্য সংসার জীবন নিয়ে বেশ সুখেই আছেন স্পর্শিয়া।

উল্লেখ্য, ২০১১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

Print This Post
নিউজটি ১০৫ বার পড়া হয়েছে ।