আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। একদিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণের প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৫১ হাজার টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সোমবার সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে বড় ধরনের সামন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৭২ ডলারে নেমে এসেছে; গত বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
দেশের বাজারে সর্বশেষ বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
স্বর্ণের দামের কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।