- Trade News 24 - https://www.tradenews24.com -

বাংলাদেশে ফিরছে গণতন্ত্রে, নির্বাচন হবে বিশ্বাসযোগ্য: ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধানের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস প্রত্যাশা করে বলেছেন, বাংলাদেশের এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, আস্থার এবং অংশগ্রহণমূলক নির্বাচন। একই সঙ্গে ফিরবে গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা এবং আইনের শাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি।

ইভার্স ইজাবস বলেন, আমরা একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য এবং সর্বোপরি আস্থাভাজন নির্বাচনের প্রত্যাশা করছি। এখন পর্যন্ত পরিবেশ যথেষ্ট ইতিবাচক। এই নির্বাচন মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় হওয়া উচিত। এই কারণেই সামগ্রিক পরিবেশ ও সাধারণ প্রত্যাশা অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে আসছে। নির্বাচনি প্রক্রিয়া সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ এবং আমরা সত্যিই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঝুঁকির প্রশ্নের জবাবে ইভার্স ইজাবস বলেন, কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হলেও আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবিলায় সক্ষম।