আগামীকাল ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণে তিনি দেশবাসীকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটদানের আহ্বান জানিয়েছেন।
একইসাথে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
আজ (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিটিভিতে তিনি এই ভাষণ দেন।
ভাষণের শুরুতে সিইসি নাসির উদ্দিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রাক্কালে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এ সময় তিনি গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি, আমি তাদের রূহের মাগফিরাত কামনা করি। একইসাথে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করি।’
দেশবাসীর প্রতি নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়; বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন।’
তিনি রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভিন্নমত একটি স্বাভাবিক বিষয় উল্লেখ করে সিইসি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেবেন।’
নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তি—সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ; ব্যক্তিগত কষ্ট-দ্বেষ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই গুরুত্বপূর্ণ ব্যবস্থাকে সহযোগিতা করে সফল করে তুলুন।’
আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচন কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন।’
ভাষণের শেষে সিইসি সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারবো—এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’
উল্লেখ্য, আগামীকাল ১২ নভেম্বর সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।