- Trade News 24 - https://www.tradenews24.com -

নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করছে সুইডেন

নাগরিকত্ব পাওযার নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে নর্ডিক দেশ সুইডেন। সোমবার নাগরিকত্ব প্রদানের নতুন নিয়মের কথা জানায় সুইডিশ সরকার। চলতি বছরের জুন মাস থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে বেশ কিছু নতুন ধারা যুক্ত করতে যাচ্ছে দেশটি। ফলে নাগরিকত্ব পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে উঠবে।

নিয়ম অনুযাযী, এখন থেকে সুইডেনে নাগরিকত্ব পেতে হলে দেশটিতে আট বছর থাকতে হবে। সেইসাথে আবেদনকারীদের নির্দিষ্ট অংকের মাসিক উপার্জনও থাকতে হবে। তাছাড়া নাগরিকত্ব পেতে সংশ্লিষ্ট বিষয়ে একটি পরীক্ষায়ও পাস করতে হবে বিদেশিদের।

২০১৬ সালের পর থেকে নাগরিকত্ব প্রদানের নিয়ম ক্রমাগত কঠোর করছে দেশটি। সেসময় প্রায় এক লাখ ৬০ হাজার শরণার্থী দেশটিতে আশ্রয় নিয়েছিলেন।

নতুন নিয়মে যা থাকছে
ন্যাচারালাইজড সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়মে যা যুক্ত করা হয়েছে তা হলো-

আবেদনকারীকে অবশ্যই দেশটিতে আট বছর থাকার প্রমাণ দিতে হবে। আগে তা ছিল পাঁচ বছর

প্রতি মাসে ২০ হাজার সুইডিশ ক্রাউন উপার্জন (দুই হাজার ডলার) করতে হবে

সুইডিশ ভাষায় পরীক্ষায় দক্ষতা (নূন্যতম) এবং কালচারাল টেস্টে উত্তীর্ণ হতে হবে

সুইডেনে বা অন্য কোনো দেশে যাদের অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার ইতিহাস রয়েছে তাদেরকে সুইডেনে আরো বেশি সময় থাকার পরে আবেদন করতে হবে

চলতি বছরের ৬ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে

সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন মন্ত্রী ইয়োহান ফোরসেল বলেন, ‘‘বর্তমানের চেয়ে নতুন করে আরোপ করা এই নিয়ম কিছুটা কঠোর। কারণ বর্তমানে আসলে নাগরিকত্ব পাওয়ার তেমন কোনো নিয়মই ছিল না।’’

অবশ্য নতুন নিয়মে মাসিক আয়ের বেলায় যেই অংকের কথা উল্লেখ করা হয়েছে তা সুইডেনের গড় আয়ের চেয়ে কম বা অদক্ষ খাতে শুরুর দিকে এমন আয় করে থাকেন শ্রমিকেরা। এরফলে পূর্ণকালীন চাকরিরত সবাই নাগরিকত্বের জন্য আবেদন করেত পারবেন।

এদিকে কালচারাল টেস্টের বিষয়ে অভিবাসন মন্ত্রী জানান, বিষয়টি খুব সাধারণ একটি পরীক্ষার মতো। তিনি বলেন, ‘‘আপনি যদি নাগরিক হতে চান, আপনার জানা থাকা উচিত সুইডেনে রাজতন্ত্র চলছে, নাকি রিপাবলিক।’’

সুইডেনে অবস্থানরনত কোনো ব্যক্তি যদি সু্ইডেনে বা অন্য কোনো দেশে অপরাধের সাথে যুক্ত হওয়ার কারণে দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে তাকে আরো বেশি সময় সুইডেনে থাকার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তির যদি চার বছরের সাজা হয়ে থাকে তাহলে তাকে সুইডেনের নাগরিকত্বের জন্য আবেদনের আগে দেশটিতে ১৫ বছর থাকতে হবে। উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই নর্ডিক দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনফোমাইগ্রেন্টস।